বিএনএ,বিশ্বডেস্ক : দুই-তৃতীয়াংশ আমেরিকান মনে করেন দ্রুত ইরান যুদ্ধের ইতি টানা উচিত যুক্তরাষ্ট্রের। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৬৬ শতাংশ মানুষ এই যুদ্ধের দ্রুত সমাপ্তির পক্ষে মত দিয়েছেন। বিপরীতে মাত্র ২৭ শতাংশ আমেরিকান মনে করেন লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত দীর্ঘসময় ধরে হলেও এই লড়াই চালিয়ে যাওয়া উচিত।
জরিপের তথ্য অনুযায়ী, খোদ রিপাবলিকান সমর্থকদের মধ্যেও যুদ্ধের স্থায়িত্ব নিয়ে গভীর মতভেদ দেখা দিয়েছে। ট্রাম্পের দলের প্রায় ৪০ শতাংশ সমর্থক দ্রুত যুদ্ধ শেষ করার পক্ষে মত দিলেও ৫৭ শতাংশ মনে করেন লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা জরুরি। তবে সামগ্রিকভাবে দেশের ৬০ শতাংশ আমেরিকান ইরানের ওপর মার্কিন সামরিক হামলার সরাসরি বিরোধিতা করেছেন, যেখানে মাত্র ৩৫ শতাংশ নাগরিক এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।
১ হাজার ২১ জন নাগরিকের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে যে, সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের প্রতি আগ্রহ ক্রমশ কমছে এবং তারা এর পরিবর্তে কূটনৈতিক সমাধানের দিকেই বেশি ঝুঁকে পড়ছেন। যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে ভোটারদের এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি আগামী দিনগুলোতে ওয়াশিংটনের নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।
আমেরিকার সাধারণ মানুষের উদ্বেগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম প্রতি গ্যালন ৪ ডলার ছাড়িয়ে গেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
একটি জ্বালানি মূল্য পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, সোমবার থেকেই তেলের এই চড়া দাম কার্যকর হয়েছে। জরিপে অংশগ্রহণকারী প্রতি তিনজনের মধ্যে দুজনই আশঙ্কা করছেন যে, আগামী এক বছরে তেলের দাম আরও বাড়বে। এমনকি ৪ শতাংশ রিপাবলিকান সমর্থকও এই উদ্বেগের সাথে একমত পোষণ করেছেন।
বিএনএ/ওজি
![]()

