বিএনএ, ঢাকা : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা পড়েন লাখ লাখ জনতা।
বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন রাষ্ট্র থেকে আগত অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ জনতা রাজধানীতে এসেছেন। জানাজাস্থলে পৌঁছাতে না পেরে মানিক মিয়া অ্যাভিনিউয়ের আশপাশ সড়কে ও এলাকায় দাঁড়িয়ে নামাজে জানাজায় অংশগ্রহণ করেন অনেকে।
এর আগে বুধবার সকাল ৮টা ৫৪ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের করে গুলশানে নেয়া হয় বেগম খালেদা জিয়ার মরদেহ। শুরুতে সাবেক এই প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় মরদেহ নেয়ার কথা থাকলেও পরে লাল-সবুজ পতাকা মোড়ানো গাড়িটি তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় নেয়া হয়। সেখানে পৌঁছানোর পর বেলা ১১টা ৫ মিনিট পর্যন্ত খালেদা জিয়ার স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা শেষবারের মতো তাকে শ্রদ্ধা জানান।
পরবর্তীতে গুলশান-২ এ ছেলে তারেক রহমানের ১৯৬ নম্বর বাসা থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হয় খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িটি। একই সময় লাল-সবুজ বাসে করে মরদেহ বহনকারী গাড়ি অনুসরণ করে মানিক মিয়া অ্যাভিনিউয়ের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একপর্যায়ে দুপুর পৌনে ১২টার কিছু পরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করে খালেদা জিয়ার মরদেহ বহনকারী পতাকায় মোড়ানো গাড়িবহর।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২৩ নভেম্বর থেকে সংকটময় অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

