বিএনএ, ঢাকা : সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫ জন শিশুর শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি–বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৮৩৭ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩১০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এদের মধ্যে ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।
এ পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬ হাজার ৮৫৯ শিশু। একই সময়ে ১৬ হাজার ৫৯ শিশুর শরীরে পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

