বিএনএ, বিশ্বডেস্ক : ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসির নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার’কে পরাজিত করে তার স্থলাভিষিক্ত নির্বাচিত হন। সংস্থার ৫৭ সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন।
তাহা ২০২১ সালের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেন এবং তার মেয়াদ ২০২৬ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা। তিন দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতিতে কাজ করা উলদ শেখ আহমেদ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বেশ কিছু জটিল রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও তার অভিজ্ঞতা আছে।
এবার তিনি সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সদর দপ্তর থেকে দায়িত্ব পালন করবেন। ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর এবং তা একবার নবায়নযোগ্য। পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল মহাসচিব নির্বাচন করে থাকে। এ ক্ষেত্রে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব প্রদান ও সমান সুযোগের পাশাপাশি প্রার্থীর দক্ষতা, সততা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেয়া হয়।
বিএনএ/ ওজি
![]()

