বিএনএ, ঢাকা : পয়েন্ট অব অর্ডারে সুযোগ না পাওয়াসহ তিন কারণে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। রোববার (২৮ জুন) বৈঠকের একেবারে শেষ পর্যায়ে এসে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
ওয়াকআউটের পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম ও সরকারি দলকে বেশি সময় দেওয়া; বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডার না দেওয়ায় তারা সংসদ থেকে ওয়াকআউট করেন।
দিনের কার্যসূচি অনুযায়ী, আজ বাজেট আলোচনায় শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তব্যে জামায়াতে ইসলামীকে মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।
মির্জা ফখরুলের বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি হিসেবে দুটি বিল উত্থাপন করা হয়। বিল দুটি হলো বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন এবং পাবলিক এক্সামিনেশনস (অফেন্স) (সংশোধন) বিল।
তখন স্থানীয় সরকারমন্ত্রী সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনাদের জন্য সুখবর আছে।’
তবে বিরোধী দলের সদস্যদের অনেকে এ সময় দাঁড়িয়ে যান এবং কথা বলতে চান। তখন ডেপুটি স্পিকার বলেন, ‘বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!’
এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, ‘ওয়াকআউট করলাম’। এটা বলে তারা সংসদ কক্ষ থেকে বের হয়ে যান।
পরে মির্জা ফখরুল জানান, আগামীকাল (সোমবার) তিনি বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার বৈঠক মুলতবি করেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

