বিএনএ, ঢাকা:চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু মেজবাহ মারা গেছে। উদ্ধারের পর তাকে হাসপাতলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বুধবার (২৮ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।
এর আগে বিকেল ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত শিশু মেজবাহ উদ্দিন (৩) ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিশুটির বাড়ির আনুমানিক ৩০ থেকে ৪০ ফুট দূরে চার থেকে পাঁচ বছর আগে সরকারি উদ্যোগে গভীর নলকূপ স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়। তবে নানা কারণে সেখানে আর নলকূপ বসানো হয়নি।বুধবার বিকেল আনুমানিক বিকেল ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলার এক পর্যায়ে শিশুটি ওই পরিত্যক্ত গর্তে পড়ে নিখোঁজ হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হলে সন্ধ্যার পর রাউজান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার সরঞ্জাম ও বিশেষ ক্যামেরা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।গর্ত থেকে তুলে দ্রুত রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শাহাজান বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
বিএনএ/ ওজি
![]()

