বিএনএ, চট্টগ্রাম: মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে চট্টগ্রামের সাগরিকা এলাকায় একটি পণ্যবোঝাই লরি একটি চলন্ত ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয় । এ সময় একটি বগিসহ ট্রেনের ইঞ্জিন ও লরিটি রেললাইনের ওপর উল্টে পড়ে। লরিটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন এক ব্যক্তি। নিহত ব্যক্তির নাম শামসুল হাই (৬০)। তার বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় । তিনি ওই এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করতেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রেনের লোকোমাস্টার (ট্রেনচালক) মনিরুল ইসলাম ও সহকারী লোকোমাস্টার মো. আলমগীর। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, নগরের চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে মালবাহী ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ভোর ৪টায়। ভোর ৪টা ২০ মিনিটের দিকে সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাচ্ছিল ট্রেনটি। এ সময় লরিটি রেললাইনে ঢুকে পড়ে সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এ সময় ইঞ্জিন ও একটি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দুর্ঘটনায় গেটম্যানের অবহেলা রয়েছে। গেট খোলা ছিল। এতে দ্রুতগামী লরিটি মালবাহী ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দিয়েছে। উদ্ধারকারী ক্রেন খবর দেওয়া হয়েছে। উদ্ধার তৎপরতা অব্যাহত আছে। তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।
বিএনএ/শাম্মী
![]()

