বিএনএ, বিশ্বডেস্ক : ছাত্র-জনতার তীব্র গণবিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের বাসভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি নিজের পদত্যাগের ঘোষণা দেন।
গত এক দশকেরও বেশি সময় ধরে সার্বিয়ার রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা ভুচিচ সরকার। তার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছিল।
তবে এই জনঅসন্তোষ চূড়ান্ত রূপ নেয় ২০২৪ সালে নোভী সাদ রেল স্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার পর।
এ ছাদ ধসের ঘটনাকে বিরোধীরা ভুচিচের প্রগ্রেসিভ পার্টির এক দশকের দুর্নীতিগ্রস্ত শাসনামলের প্রকৃত চিত্র হিসেবে আখ্যায়িত করেন।
এরপরই ছাত্র, শিক্ষক, শ্রমিক ও কৃষকসহ সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দেশজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
গ্রীষ্মকালজুড়ে চলা এই আন্দোলন দমনে সরকার পুলিশ মোতায়েন করলে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে এবং পুলিশের বিরুদ্ধে নিপীড়নের গুরুতর অভিযোগ ওঠে।
তার পদত্যাগের পর সার্বিয়ার সংসদের স্পিকার এবং প্রগ্রেসিভ পার্টির নেতা আনা ব্রনাবিচ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সংবিধান অনুযায়ী আগামী তিন মাসের মধ্যেই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যার অর্থ সার্বিয়ার জনগণকে এ বছর দুবার (সংসদীয় ও প্রেসিডেন্ট নির্বাচন) ভোটকেন্দ্রে যেতে হবে।
বিএনএ/ওজি
![]()

