বিএনএ, ঢাকা: গাজা উপত্যকায় শনিবার (২৭ সেপ্টেম্বর) একদিনে আরও ৯১ জন নিহত হয়েছে। এই নিহতদের মধ্যে ৪৮ জনই গাজা সিটির বাসিন্দা, যাদের মধ্যে ছয়জন ত্রাণ নেওয়ার সময় মারা যান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েল মধ্য গাজার সারায়া এলাকায় বেসামরিক মানুষের ওপর বোমাবর্ষণ করেছে।ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ হুমকি দিয়েছেন যে, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গাজায় তারা যুদ্ধ থামাবেন না।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের এই যুদ্ধে এ পর্যন্ত গাজায় কমপক্ষে ৬৫ হাজার ৫৪৯ জন নিহত ও ১ লাখ ৬৭ হাজার ৫১৮ জন আহত হয়েছেন।
ধারণা করা হচ্ছে, আরও হাজার হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মোট ১ হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি পরিকল্পনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের কাছে ট্রাম্প বলেন, ‘গাজা নিয়ে আমাদের একটি চুক্তি হয়েছে বলে মনে হচ্ছে।’
তবে আল জাজিরার সঙ্গে কথা বলা এক নাম প্রকাশে অনিচ্ছুক হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ফিলিস্তিনি গোষ্ঠীটিকে এখন পর্যন্ত কোনো যুদ্ধবিরতির পরিকল্পনা উপস্থাপন করা হয়নি। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইসরায়েল এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া জানায়নি।
বিএনএ/ ওজি
![]()

