বিএনএ, নেত্রকোনা : গাছ হত্যার প্রতিবাদ গাছ লাগিয়েই করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, একটি গাছ হত্যার বিপরীতে ১০টি করে গাছ লাগানো হবে।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাবনী গ্রামে সড়কপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, গত ১ আগস্ট কলমাকান্দা ও দুর্গাপুরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ১ হাজার ২০০ গাছ রোপণ করেছিলেন।
কিন্তু সম্প্রতি দুর্বৃত্তরা ৩৫ থেকে ৪০টি গাছ উপড়ে ফেলেছে। ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন কাউকে চিহ্নিত করতে পারেনি, যা নিন্দনীয়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করে আইনি ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, আমি এই বার্তা দিতে এসেছি যে, তোমরা একটি গাছ হত্যা করলে আরও ১০টি গাছ জন্ম নেবে।
তাই উপড়ে ফেলা গাছগুলোর বিপরীতে নতুন করে ১০০টি গাছ রোপণ করা হচ্ছে।
পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, একটি জেলায় মোট আয়তনের ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। দেশের অন্যান্য স্থানে গড়ে ১৬ থেকে ২০ শতাংশ থাকলেও নেত্রকোনায় আছে মাত্র পৌনে ২ শতাংশ। আগামী দুই-তিন বছরে এটি ৫ থেকে ১০ শতাংশে উন্নীত করতে স্থানীয় প্রশাসন, প্রেসক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সামাজিক আন্দোলন হিসেবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে নেত্রকোনা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুন মুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এম. এ. খায়েরসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

