28 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড


বিএনএ, ঢাকা: সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এস কে সুরকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিনের আদালত এই রায় দেন। এসব তথ্য নিশ্চিত করেন দুদক প্রসিকিউটর এস.এম. আবুল কালাম ।

এদিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাকে আবার কারাগারে পাঠানো হয়।

গত ১৫ জুলাই যুক্তিতর্ক তুলে ধরে তার সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড প্রার্থনা করেন দুদক প্রসিকিউটর আবুল কালাম । অপরদিকে আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার খালাস চেয়ে প্রার্থনা করেছিলেন।

মামলার বিবরণে বলা হয়, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদের হিসাব বিবরণীর নোটিশ জারি করা হয়। কিন্তু নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। মামলাটির বিচার চলাকালে আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন । এরপর আজ মঙ্গলবার রায় ঘোষণা করা হল।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ