বিএনএ ডেস্ক: আজ ২৮শে ফেব্রুয়ারী,২০২৬ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী । ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’— এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করতে যাচ্ছে দলটি।
২০২৪ সালের ৫ আগস্টের জুলাই গণ–অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্যোগে ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ যাত্রা শুরু হয় এনসিপির । প্রতিষ্ঠার পর থেকেই রাষ্ট্র সংস্কার এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে সরব ছিল দলটি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ শনিবার রাজধানী ধানমন্ডির আবাহনী মাঠে কেন্দ্রীয়ভাবে ইফতার মাহফিলের আয়োজন করেছে দলটি। বিকেল চারটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে ইফতারের পাশাপাশি চিত্রপ্রদর্শনী থাকবে। গত এক বছরে দলের রাজনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে ‘স্ট্রিট ওয়াল’ নামে একটি ধারাবাহিক প্রোমো প্রদর্শন করা হবে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন উদ্যাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। তিনি জানান, জুলাই গণ–অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষকে নিয়ে সম্মিলিতভাবে এ আয়োজন করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যে যুক্ত হয়ে ৩০টি আসনে প্রার্থী দিয়েছিল এনসিপি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ ৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
বিএনএ/শাম্মী
![]()

