33 C
আবহাওয়া
২:৩২ অপরাহ্ণ - আগস্ট ২৬, ২০২৬
Bnanews24.com
Home » ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ

ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ

ভিকারুননিসায় ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশ

বিএনএ, ঢাকা: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের বয়সসীমা না মানায় এই নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) মাউশির এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা অনুসরণ করেনি।

১ জানুয়ারি ২০১৭ সালের পূর্বে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের ভর্তি করার প্রক্রিয়া ছিল বিধিবহির্ভূত। এসব ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে ২০১৫ সালে জন্মগ্রহণকারী ১০ জন ও ২০১৬ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী সংখ্যা ১৫৯ জন। এসব শিক্ষার্থীর ভর্তি বাতিল করে শিগগিরই মাউশিকে অবহিত করার অনুরোধ করা হলো।

এ বিষয়ে মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেন, অবৈধ ভর্তির বিষয়ে বুধবার হাইকোর্ট থেকে প্রতিবেদন দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে চিঠি দিয়েছে মাউশি।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কেকা রায় চৌধুরী বলেন, মাউশির চিঠি পেয়েছি। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিএনএনিউজ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ