26.9 C
আবহাওয়া
৭:৪৭ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদি আরবের

ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা সৌদি আরবের


বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের জন্য নিজেদের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোন আলাপে এ অবস্থানের কথা স্পষ্ট করেন। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

টেলিফোন আলাপে যুবরাজ মোহাম্মদ বিন সালমান আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মতপার্থক্য দূর করার প্রতি সৌদি আরবের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

অপরদিকে ইরানের গণমাধ্যম জানায়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুবরাজকে বলেছেন- আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে থেকে যুদ্ধ এড়াতে সহায়ক যে কোনো প্রক্রিয়াকেই তেহরান স্বাগত জানায়।

এর আগে আগে সংযুক্ত আরব আমিরাতও একই ধরনের অবস্থান জানিয়ে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপে তাদের আকাশসীমা বা জলসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা ঘিরে উত্তেজনা আরও বেড়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্র একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে পাঠাচ্ছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। আমাদের অনেক জাহাজ সেখানে যাচ্ছে। আমরা চাই না কিছু ঘটুক, কিন্তু আমরা প্রস্তুত থাকছি।

প্রসঙ্গত, ইরানে সাম্প্রতিক বিক্ষোভ ঘিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা একে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সবচেয়ে বড় দমন-পীড়ন হিসেবে বর্ণনা করছে। তবে ইরানি কর্তৃপক্ষের দাবি, এই অস্থিরতা ও প্রাণহানির জন্য দায়ী বিদেশে অবস্থানরত বিরোধীদের মদদপুষ্ট ‘সন্ত্রাসী ও দাঙ্গাবাজরা’।

বিএনএ/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ