28.9 C
আবহাওয়া
৯:৩৬ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


বিএনএ, রাজশাহী : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। সীমান্তে নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি নেই। আমাদের জনগণ ও সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, সীমান্তে পুশ-ইন এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা প্রতিবাদ করেছি। যে সব বাংলাদেশি ভারতে অবৈধভাবে বসবাস করছে, ভারতকে যথাযথ চ্যানেলের মাধ্যমে তাদেরকে পাঠাতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকগণ যারা আমাদের দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে আমরা যেমন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত পাঠাই, ঠিক তেমনিভাবে আমাদের দেশের নাগরিকদেরও আমরা সে প্রক্রিয়ায় ফেরত নিতে প্রস্তুত। এ বিষয়ে আমাদের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে যোগাযোগ করছে।

আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন,  গত ঈদ-উল-ফিতর যেমন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, সামনের ঈদে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের উৎপাদন প্রায় ১৫ লক্ষ টন বেড়েছে। আলুর দামও কম রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছুক্ষেত্রে হয়তো কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সবাই যদি সহযোগিতা করে ও কৃষকদের উৎসাহ দেয়, তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে।

এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ও আরএমপি পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫ যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবি আইআরজিসির