বিএনএ, বাগেরহাট: বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য নিজাম উদ্দিন শান্তকে (৪২) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শহর থেকে কাজ শেষ করে বাড়িতে ফিরার পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাতপরিচয় আততায়ীরা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। জরুরি সেবা ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং তার মরদেহ উদ্ধার করে। পুলিশ তার মরদেহ রাতেই ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ’ঘটনার পরপরই হত্যাকারীদের শনাক্ত করতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এই হত্যাকাণ্ডের কারণ বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
বিএনএ/শাম্মী
![]()

