19.8 C
আবহাওয়া
৮:৩৬ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৭, ২০২৬
Bnanews24.com
Home » লুকোচুরির কোনো ব্যাপার নাই, নির্বাচন হবে স্বচ্ছ: সিইসি

লুকোচুরির কোনো ব্যাপার নাই, নির্বাচন হবে স্বচ্ছ: সিইসি


বিএনএ, ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা চাই, স্বচ্ছ ও নিরপেক্ষ একটা নির্বাচন। এখানে লোকচুরির কোনো ব্যাপার নেই। এটাই আমরা কূটনীতিকদের বুঝিয়েছি। তারা খুশি এবং তারা আস্থাশীল যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর গুলশানের একটি হোটেলে কূটনৈতিকদের নিয়ে আয়োজিত এক ব্রিফিং শেষে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, কূটনৈতিকদের সঙ্গে আলোচনা খুব সুন্দর হয়েছে। এখানে যত কূটনৈতিক রয়েছেন তারা এসেছেন। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরাও ছিলেন। আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য কী কী প্রস্তুতি নিয়েছি এবং কী কী কাজ করেছি, তা তাদের বুঝিয়েছি। আমরা আমাদের কর্মকাণ্ড পুরোটা ব্রিফ করেছি।

তিনি বলেন, ‘তারা খুবই খুশি। আমরা চাই যে মোস্ট ট্রান্সপারেন্ট (সর্বোচ্চ স্বচ্ছ) একটা ইলেকশন (নির্বাচন), ক্রেডিবল (বিশ্বাসযোগ্য) একটা ইলেকশন; এখানে লুকোচুরির কোনো ব্যাপার নাই, এটা তাদের আমরা বুঝিয়েছি, সেটা তারা সাধুবাদ জানিয়েছে।’

কূটনৈতিকরা কোনো পরামর্শ দিয়েছেন কিনা প্রশ্নে সিইসি বলেন, তারা প্রশ্ন করেছেন, পরামর্শ দেন নাই।

কী কী প্রশ্ন করেছেন জানতে চাইলে তিনি বলেন, তারা প্রশ্ন করেছিলেন, আমরা পোস্টাল ভোটের পদ্ধতিটা কেমন, আমাদের আইন প্রয়োগকারী সংস্থার কর্মকাণ্ড কী হবে, কী পরিমাণ লোকজন মোতায়েন হবে, কী পরিকল্পনা এবং কার অধীনে এগুলা চলবে—সেগুলোই জানতে চেয়েছেন। আমরা বুঝিয়েছি, আমরা নিশ্চিতভাবে নিরাপত্তার ব্যবস্থা করব। যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই কেন্দ্রে আসতে পারে। ভোটটা দিতে পারে। ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে।

তিনি আরও বলেন, আমরা এখানে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব নিয়োগ করব; নৌবাহিনী, বিমান বাহিনী ও আনসার বড় পরিসরে নিয়োজিত থাকবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, আমাদের তরফ থেকে আমরা ভোটারদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি, এটা আমরা পারব।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজও উপস্থিত ছিলেন। আরও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, ইসি সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ