29 C
আবহাওয়া
৫:২৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩


বিএনএ, মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে দর্শনা পরিবহণের যাত্রীবাহী একটি বাস রেলিং ভেঙে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় ৩জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।

আজ শনিবার (২৪ অক্টোবর) ভোরে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে ১জনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চুয়াডাঙ্গায়, নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপর দুজনের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বাসটি চুয়াডাঙ্গা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার সময় বেপরোয়া গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি সড়কের রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে এবং আহত ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। অন্য ৫জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ