27 C
আবহাওয়া
১০:৩৩ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২১, ২০২৬
Bnanews24.com
Home » সরকারের ছয় মাস নিয়ে সিপিডির মূল্যায়ন

সরকারের ছয় মাস নিয়ে সিপিডির মূল্যায়ন


বিএনএ, ঢাকা: বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করছে, নতুন সরকারের প্রথম ছয় মাসের কার্যক্রমে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেলেও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এখনও নেতিবাচক প্রবণতাই বেশি । সিপিডির মূল্যায়নে, মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভে কিছুটা উন্নতি হলেও রাজস্ব আদায়, বিনিয়োগ, শিল্প উৎপাদন, কর্মসংস্থান ও জ্বালানি পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়ে গেছে।

আজ সোমবার (২৪ আগস্ট) রাজধানীতে আয়োজিত এক মিডিয়া সংলাপে নতুন সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম পর্যালোচনা উপস্থাপন করেন সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, সরকারের ছয় মাসের কার্যক্রমে একটি মিশ্র চিত্র পাওয়া গেছে, তবে নেতিবাচক প্রবণতার আধিক্য রয়েছে এবং এসব সমস্যার বড় অংশই কাঠামোগত।

তিনি বলেন, সরকারের প্রথম ছয় মাসের মূল্যায়নে ৩৬২টি পর্যবেক্ষণ পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে প্রশাসন, সরকারি অর্থ ব্যবস্থাপনা, শিল্প ও বাণিজ্য, ব্যাংক ও আর্থিক খাত, জ্বালানি ও পরিবহন, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষা— এই ৯টি খাত বিবেচনায় নেওয়া হয়েছে। কেবল ঘোষণার পরিবর্তে বাস্তবে নেওয়া পদক্ষেপগুলোই মূল্যায়নের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সামগ্রিক মূল্যায়নে সিপিডি মনে করছে, পরবর্তী সময়ে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে একটি সমন্বিত, বাস্তবসম্মত ও জবাবদিহিমূলক সংস্কার কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করাই হবে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ