বিএনএ, ঢাকা : ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। এরপরেই মামলাটি বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ওই ট্রাইব্যুনালের বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে পহেলা জুন শুনানির তারিখ নির্ধারণ করেছেন।
রোববার বিকাল সাড়ে তিনটার কিছু পরে তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। মহানগর আদালত অভিযোগপত্রটি সংশ্লিষ্ট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন।
এরপর সেই আদালতের বিচারক অভিযোগপত্রটি আমলে নিয়ে পহেলা জুন শুনানির তারিখ নির্ধারণ করেন। শুনানির পর চার্জশিট বা অভিযোগপত্রটি গ্রহণ করা হলে বিচারিক কার্যক্রম শুরু হয়ে যাবে।
এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয় এই মামলার প্রধান অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী রুপা আক্তারকে।
এর আগে দুপুরে সচিবালয়ের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চার্জশিট দাখিলের পর পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারিক কাজ সম্পন্ন হবে।
গত ১৯শে মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজেদের বাসার পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে রক্তাক্ত ও খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।
ঘটনার পরদিনই নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করলে পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে আটক করে।
নৃশংস এই হত্যা ও ধর্ষণের ঘটনার পর দেশজুড়ে নানা প্রতিবাদ চলছে। বিভিন্ন কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণি পেশার মানুষ। তার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারেরও দাবি জানিয়ে আসছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

