বিএনএ, স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ পাইবাস। তিনি চার বছর ধরে দায়িত্বে থাকা জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হয়েছেন।
কোচিং ক্যারিয়ারে পাইবাসের ঝুলিতে রয়েছে সমৃদ্ধ অভিজ্ঞতা। ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে ফাইনালে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। পরে ওয়েস্ট ইন্ডিজ দলের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেও দীর্ঘ সময় কাজ করেছেন তিনি।
২০১৬ সালে তার তত্ত্বাবধানে ওয়েস্ট ইন্ডিজের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দল বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। ২০১৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের হাই পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেন এবং পরের বছর অন্তর্বর্তীকালীন প্রধান কোচের ভূমিকাও পালন করেন। ২০১২ সালে বাংলাদেশের প্রধান কোচ হিসেবেও স্বল্প সময় দায়িত্ব পালন করেছিলেন পাইবাস, যদিও সেই অধ্যায় বিতর্কিত হিসেবে স্মরণীয়।
আফগানিস্তানের সঙ্গে তার প্রথম অ্যাসাইনমেন্ট হবে শ্রীলঙ্কার বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ১৩ মার্চ শারজাহতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন কোচের অধীনে আফগানিস্তান কত দ্রুত টি-টোয়েন্টি বিশ্বকাপ পরবর্তী পুনর্গঠন করতে পারবে, সেটিই এখন নজরকাড়া বিষয়।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

