31 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সাজেকে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অর্ধশতাধিক

সাজেকে ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত অর্ধশতাধিক


বিএনএ, রাঙামাটি: রাঙামাটি বাঘাইছড়ির মেঘের রাজ্য সাজেকের তিনটি দুর্গম এলাকায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে অর্ধশতাধিক মানুষ ডায়রিয়া ও জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে জানা গেছে। এসব দুর্গম এলাকায় চিকিৎসার জন্য মেডিকেল টীম পাঠানোর দাবি করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সাজেকের দুর্গম বেটলিং মৌজার তিনটি গ্রাম অরুণ পাড়া, তারুম পাড়া ও নিউথাংনাং পাড়ায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া ও জ্বর। কয়েকদিন ধরে এসব এলাকায় জ্বর, কাশি, রক্ত বমি ও ডায়রিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ছে অর্ধশতাধিক মানুষ।

জানা যায়, আশেপাশে কমিউনিটি ক্লিনিক ও সড়ক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব গ্রামে দ্রুত পৌঁছানো যাচ্ছে না মেডিকেল টিম ও চিকিৎসা সরঞ্জাম। তবে দ্রুত মেডিকেল টিম পাঠানো না হলে পূর্বের মতো মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়রা জানান।

দুর্গম এলাকাতে ডায়রিয়ায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, এলাকাটি দুর্গম এবং সেখানে স্যানিটেশন ব্যবস্থা ও বিশুদ্ধ পানির উৎস নেই। তাই বর্ষা মৌসুমে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ দেখা যায়।

তিনি আরও বলেন, সেখানে যাওয়ার জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থা নেই। দ্রুত মেডিকেল টিম পাঠাতে হলে সেনাবাহিনীর হেলিকপ্টারের সাহায্য প্রয়োজন, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

এ বিষয়ে রাঙামাটির সিভিল সার্জন ডা: নুয়েন খীসা জানান, ইতোমধ্যে বিষয়টি আমি জেনেছি। ডায়রিয়া প্রধান কারণ নয়, জ্বরের কারণে হয়তো কিছুটা দুর্বল হয়ে গেছে। সেখানে উপজেলা স্বাস্থ্য কর্মী ও ব্র্যাকের একটি টিম কাজ শুরু করেছে। প্রয়োজনে আরও মেডিকেল টিম পাঠানো হবে বলে তিনি জানান।

উল্লেখ যে, গত ২০১৬ ও ২০২০ সালে সাজেকে ডায়রিয়া ও হামে আক্রান্ত হয়ে ৯ শিশুসহ ১৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম