বিএনএ, ঢাকা : দেশের বাজারেও উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম দ্বিতীয়বারের মতো কমানো হয়েছে। এবার প্রতি লিটারে দাম কমেছে ৩৯ টাকা ৫৭ পয়সা (প্রায় ৪০ টাকা)। এর আগে মে মাসের শুরুতেই লিটারপ্রতি ২১ টাকা ৬৩ পয়সা দাম কমিয়েছিল সরকার। অথচ মধ্যপ্রাচ্য সংকটের জেরে গত মার্চে দুই দফায় ১০৭ টাকা এবং এপ্রিলে ২৪ টাকা ৭৯ পয়সা পর্যন্ত বেড়েছিল এই জ্বালানির দাম।
শনিবার (২৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জেট ফুয়েলের এই নতুন মূল্য তালিকা ঘোষণা করেছে, যা শনিবার (২৩ মে) দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে। গত বছরের মে মাস থেকে প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানির দাম সমন্বয় করে আসছে সংস্থাটি।
বিইআরসির নতুন নির্দেশনা অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য জেট ফুয়েলের প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা ৮৮ পয়সা, যা এতদিন ছিল ২০৫ টাকা ৪৫ পয়সা। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর আগে এই দাম ছিল মাত্র ৯৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩৩৮৫ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ০৮২৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে আক্রমণ করার পর মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের সূত্রপাত হয়। পরবর্তীতে ইরান ও তার মিত্ররা ওই অঞ্চলের বিভিন্ন দেশের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালালে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। তবে সম্প্রতি দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির অগ্রগতির খবরে বিশ্ববাজারে তেলের দাম আবার স্বাভাবিক হতে শুরু করেছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

