29 C
আবহাওয়া
৫:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা

সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা


বিএনএ, রাঙ্গামাটি : অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি বন্ধ রাখা সংক্রান্ত এই নির্দেশ প্রদান করা হয়।

জেলা প্রশাসক নাজমা আশরাফী জানান, অনিবার্য কারণবশত গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞাসহ সাজেক পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনায় জানানো হয়, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সব পর্যটকদের আজ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।

সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় দেড় শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করেছিল। যেখানে আনুমানিক ২-৩ হাজার পর্যটক রয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় স্কর্টে সাজেক ছাড়ার নির্দেশনা থাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে অবস্থান করে রাখা হয় বলে জানান তিনি।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেয়া হয়েছে।

বিএনএনিউজ/মুন্না।

Loading


শিরোনাম বিএনএ