বিএনএ, ঢাকা : বাংলাদেশে বসবাসকারী ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ৫ ধারার আলোকে এই নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তারা এনআইডির জন্য নিবন্ধনের আবেদন করতে পারবেন। মূলত ছাত্রছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং চিকিৎসাসহ বিভিন্ন নাগরিক সেবায় এনআইডির প্রয়োজনীয়তা বিবেচনা করে এই বয়সসীমা কমানো হয়েছে।
এর আগে কেবল ১৮ বছর পূর্ণ হলেই নাগরিকদের এনআইডি কার্ড দেওয়া হতো, কারণ এনআইডি ও ভোটার তালিকা একই সঙ্গে তৈরি করার রেওয়াজ ছিল। তবে নতুন সিদ্ধান্তে ১৬ বছর বয়সীরা এনআইডি পেলেও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন ১৮ বছর পূর্ণ হওয়ার পর। অর্থাৎ, ১৮ বছর পূর্ণ হলে তাদের নাম স্বয়ংক্রিয়াভাবে ভোটার তালিকায় যুক্ত হয়ে যাবে। এছাড়া এনআইডি সেবা সহজ করতে কার্ড হারিয়ে গেলে এখন থেকে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করার বাধ্যবাধকতাও তুলে নিয়েছে কমিশন।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। নতুন এই সিদ্ধান্তের ফলে কয়েক লাখ কিশোর-কিশোরী আগাম এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন। ফলে তাদের বিভিন্ন দাপ্তরিক কাজ ও সেবা প্রাপ্তি আরও সহজ করবে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

