বিএনএ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারণা শুরু হতে যাচ্ছে সিলেট সফরের মধ্য দিয়ে। তিনি আজ রাত ৮টা ১৫ মিনিটে বিমানযোগে সিলেটে পৌঁছাবেন এবং রাতে শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন।
আজ বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর গুলশানের নির্বাচনি অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তার রাজনৈতিক উপদেষ্টা ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপত্র মাহাদী আমিন।
তিনি বলেন, তফসিল অনুযায়ী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এবং দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে নির্বাচনি সমাবেশে যোগদান করবেন। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশে যোগ দেবেন।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী ১৬ বছরের দীর্ঘ আন্দোলন এবং গণঅভ্যুত্থানে বিএনপি এবং প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের ছিল অনবদ্য, অভূতপূর্ব ভূমিকা। তাদের প্রতি ভালোবাসা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিটি সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের পর্যায়ক্রমে সফরসঙ্গী হিসেবে নিয়ে তাদের মূল্যায়ন করবেন।
বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহাদী আমিন বলেন, ১২ ফেব্রুয়ারির আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনি প্রচারণায় গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে।
সিলেট সফরে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে যাচ্ছেন আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল, মামুন হাসান, আব্দুল মোনায়েম মুন্না, কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রাকিবুল ইসলাম রাকিবসহ বেশকিছু ত্যাগী, সংগ্রামী তরুণ নেতা।
বিএনএ/শাম্মী
![]()

