বিএনএ, বিশ্বডেস্ক: কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি ও তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিক রয়েছেন।বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে এওয়াসো নিয়রো নদীর দিকে পর্যটন ভ্রমণে যাচ্ছিল।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (কেসিএএ) জানিয়েছে, দুর্ঘটনার পর মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলের ছবিতে ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।
নিহত মিশেল সেনসি-কন্টুগির বয়স ছিল ৪৪ বছর। ২০২৪ সালে তিনি ইকুয়েডরের স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্স সেন্টারের মহাপরিচালক হিসেবে নিয়োগ পান। তার মৃত্যুর ঘটনায় ইকুয়েডর সরকারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নান্ডি কাউন্টিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন, যাদের মধ্যে একজন সংসদ সদস্য ছিলেন। ২০২৪ সালে দেশটির সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোলা ১১ জন আরোহীসহ একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন। ওই দুর্ঘটনায় মাত্র দুজন বেঁচে যান। ২০২১ সালের জুনে রাজধানী নাইরোবির কাছে অবতরণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ সেনা নিহত হন।
বিএনএ/ওজি
![]()

