34.2 C
আবহাওয়া
৪:১০ অপরাহ্ণ - জুন ২০, ২০২৬
Bnanews24.com
Home » কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জন নিহত

কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জন নিহত


বিএনএ, ডেস্ক : ইবোলা ভাইরাসে কঙ্গোর  উত্তর-পূর্বাঞ্চলের একটি বাস্তুচ্যুত শিবিরে মে মাসের শুরু থেকে শিশুসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময়  শুক্রবার (১৯ জুন) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির ইবোলা প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল বুনিয়ার কিগোঞ্জে শিবিরে মৃত বা জীবিত কারও নমুনা পরীক্ষা করতে বৃহস্পতিবার পর্যন্ত রোগী ও তাদের স্বজনরা রাজি হননি। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।

১৫ হাজারের বেশি মানুষের বসবাস কিগোঞ্জে শিবিরে। সেখানে এই মৃত্যুর ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে যে, পূর্ব কঙ্গোর ৫০ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের মধ্যে অজান্তেই ইবোলা ছড়িয়ে পড়তে পারে। সীমিত স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার পাশাপাশি রোগ শনাক্তে অনীহা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ডিআর কঙ্গো সরকার গত ১৫ মে আনুষ্ঠানিকভাবে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করলেও কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর ঘটনা তারও আগে শুরু হয়েছিল।

তবে বিশেষজ্ঞরা বলছেন, কলেরার উপসর্গও অনেক ক্ষেত্রে ইবোলার মতো হতে পারে। যদিও কলেরা সাধারণত ব্যক্তি থেকে ব্যক্তিতে ইবোলার মতো ছড়ায় না।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, কঙ্গোতে টয়লেট ও হাত ধোয়ার স্টেশন নির্মাণে অর্থায়ন ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে অর্ধেকেরও বেশি কমে প্রায় ৩ কোটি ৮০ লাখ ডলারে নেমে এসেছে। চলতি বছরের ৮ কোটি ডলারের তহবিল আহ্বানের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ২১ শতাংশ অর্থ পাওয়া গেছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ