বিএনএ, ঢাকা: রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন এলাকাকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ কিংবা একাধিক অংশে ভাগ করার চিন্তাভাবনা করছে সরকার।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
শফিকুল আলম বলেন, দুটি অংশে আলাদা করা হলে কাজের গতি বাড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যাবে।
তিনি আরও বলেন, ঢাকার আয়তনও ক্রমে বড় হচ্ছে। ঢাকা আগের সেই শহর নেই। নতুন একটি জরিপে দেখা গেছে ঢাকা শহর এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ম্যানেজ করা খুবই কঠিন কাজ। শহরের অপরাধ নিয়ন্ত্রণ কীভাবে সহজ ও সুন্দরভাবে করা যায় সে ব্যাপারে বৈঠকে আলোচনা হয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

