বিএনএ, ঢাকা : ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে ১২ কেজি সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৪০ টাকা, যা আগে ছিল ১ হাজার ৭২৮ টাকা।
রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিল মাসের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।
এর আগে চলতি এপ্রিল মাসের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। ফলে এক মাসের ব্যবধানে দুই দফায় মূল্য বৃদ্ধি পেল।
বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালিতে সংকট এবং ওই অঞ্চলে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে এলপিজি আমদানিতে ব্যয় বেড়েছে। পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধি পেয়েছে।
এছাড়া যুদ্ধ পরিস্থিতির কারণে বিমা ও নিরাপত্তা ব্যয়ও বেড়েছে বলে জানানো হয়। এসব কারণে দেশে এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ সাময়িকভাবে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার পুনর্নির্ধারণ করা হয়েছে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

