32.3 C
আবহাওয়া
১০:০১ অপরাহ্ণ - আগস্ট ১১, ২০২৬
Bnanews24.com
Home » পোশাক নিয়ে প্রতারণা, মেগামার্টকে লাখ টাকা জরিমানা

পোশাক নিয়ে প্রতারণা, মেগামার্টকে লাখ টাকা জরিমানা

পোশাক নিয়ে প্রতারণা, মেগামার্টকে লাখ টাকা জরিমানা

বিএনএ, চট্টগ্রাম: দেশি পোশাক বিদেশি বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করায় চট্টগ্রামের অন্যতম পোশাক বিক্রয় প্রতিষ্ঠান মেগামার্টকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৯ মার্চ) দুপুরে নগরের পোশাকের বাজার টেরিবাজারে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযানে দেখা যায়, নিজস্ব কিছু পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের নামে বেশি দামে পোশাক বিক্রি করছে মেগামার্ট। কাপড় চেক করে দোকানটির বিক্রয়কর্মীরা জানান এগুলো ভারতীয় ও পাকিস্তানি কাপড়। পরে ডকুমেন্ট চাইলে প্রতিষ্ঠানটি তা দিতে পারেনি। একপর্যায়ে তারা স্বীকার করে যে সেগুলো দেশে তৈরি পণ্য। পরবর্তীতে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদফতর সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ বলেন, ‘পণ্যগুলো যে বিদেশ থেকে আনা হয়েছে সেগুলোর কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই। যখন আমরা কাপড় চেক করছিলাম তখন তারা আমাদের জানিয়েছে সেগুলো বিদেশি। পরে আমরা ডকুমেন্ট চাইলে তারা সেটা দিতে পারেনি। এরপর তারা স্বীকার করে যে সেগুলো দেশে তৈরি পণ্য। আমাদের সঙ্গে তারা যেহেতু এটা করছে, তাহলে ক্রেতাদের সঙ্গে আরও বেশি করবে।’

তিনি আরও বলেন, ‘তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে কাপড়ের ওপর মেইড ইন বাংলাদেশ লেখা থাকে। তাদের কাছে অনুমোদিত নয় এমন কিছু কসমেটিকস পেয়েছি। আর কিছু বিদেশি কসমেটিকস পেয়েছি। যেগুলো তারা অনেক দামে বিক্রি করছেন। কিন্তু কসমেটিকসের গায়ে আমদানিকারকের নাম নেই। আমাদের মনে হচ্ছে কসমেটিকগুলো ভুয়া ও ভেজাল। আমরা মেগা মার্টকে এক লাখ টাকা জরিমানা করেছি এবং তাদের সতর্ক করেছি যাতে এসব পণ্য বিক্রি না করে।’

এ সময় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদফতর, চট্টগ্রামের সহকারি পরিচালক আনিসুর রহমান ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ