বিএনএ, বাগেরহাট: সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেণু পোনা ধরতে গিয়ে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫৫) নামে এক নারী জেলে নিহত হয়েছেন। তিনি মোংলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের আবদুল শেখের স্ত্রী।
বুধবার (১৭ জুন) বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি গ্রাম ও সুন্দরবনের মাঝের শ্যালা নদীতে সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান বলেন, জাল টেনে পোনা ধরার সময় এক নারীকে টেনে নেয় কুমির। পরে সঙ্গী জেলেরা লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন তাঁরা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম। সুন্দরবনে আহরণ নিষিদ্ধ থাকলেও অবৈধভাবে পোনা আহরণ করছিলেন তিনি।
বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।
বিএনএ/শাম্মী
![]()

