বিএনএ, গাজীপুর: গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে পঞ্চম দিনের মত আন্দোলনে চলছে। আজ সোমবার (১৮ মে) চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম। আন্দোলনরত শিক্ষার্থীরা মূল ফটকে তালা দিয়েছেন ।
গত বৃহস্পতিবার সরকার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারির পর শিক্ষার্থীদের একটি অংশ এর বিরোধিতা করে আন্দোলনে নামে।
শিক্ষার্থীদের দাবি, ডুয়েটের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর হবে।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই আন্দোলনকারী শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচী পালন করছে। তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটক বন্ধ করে দিয়েছে।। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা গেটে অবস্থান করলেও শিক্ষার্থীরা তাঁদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। সকাল থেকে ডুয়েট ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনেও তালা দিয়েছেন বলে জানা গেছে।
ডুয়েটের ভিসি নিয়োগকে কেন্দ্র করে চলা এই আন্দোলনে স্থানীয় ও ক্যাম্পাস ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের স্পষ্ট অবস্থান এবং বক্তব্য পাওয়া যায়নি। তবে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে পাল্টাপাল্টি বিবৃতি দিয়েছে। এদিকে রবিবার রাতে ডুয়েটিয়ানদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্যাম্পাসে কোনও ধরনের রাজনীতি করতে দেওয়া হবে না। দলের হয়ে কেউ ডুয়েটে রাজনীতি করতে পারবে না এবং করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ক্যাম্পাসের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজকে পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।
![]()

