বিএনএ, ডেস্ক :২০২৪ সালের ৫ আগস্টের পর হামলার শিকার মাজারগুলোর পুনঃসংস্কার ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি ইশতেহারে উল্লেখ করতে রাজনৈতিক দলগুলোকে চিঠি পাঠিয়েছে মাকাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই চিঠির কথা জানানো হয়।
এতে বলা হয়, জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক ৫ আগস্ট থেকে সারা দেশে অনেক মাজার, দরগাহ, খানকায় ধারাবাহিকভাবে হামলা করা হয়েছে। দেশের নাগরিক সমাজ ও অন্যান্য মানবাধিকার, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিয়মিত এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে এবং সরকারকে এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা একাধিকবার কঠোর ব্যবস্থার কথা মুখে বললেও কাজে তার কোনও প্রতিফলন লক্ষ্য করা যায়নি। যে কারণে হামলার শিকার অধিকাংশ মাজার পরিত্যক্ত অবস্থায় রয়েছে। হামলার শিকার মাজারগুলোর পুনঃসংস্কার ও ক্ষতিপূরণ প্রদানের বিষয়ে সরকারের পক্ষ থেকে অদ্যাবধি ন্যূনতম কোনও ঘোষণা আসেনি।
বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশে ঐতিহাসিকভাবে ইসলাম প্রচার ও প্রসারে নেতৃত্ব দিয়েছেন সুফি সমাজ। যে কারণে দেশের অধিকাংশ নাগরিক সুফি সমাজের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত এবং তাদের শ্রদ্ধা করেন। কিন্তু সুফি সমাজের সঙ্গে যুক্ত এবং ধর্মীয়ভাবে তাদের শ্রদ্ধা করেন এমন অধিকাংশ নাগরিক তথা ভোটারদের সামাজিক নিরাপত্তা এখন হুমকির সম্মুখীন। যে কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে তাদের নির্বাচনী অঙ্গীকার তথা ইশতেহারে এ বিষয়ে উল্লেখ থাকা জরুরি।
দেশের সামাজিক স্থিতিশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখতে মাজার সংস্কৃতির ওপর যে নজিরবিহীন আক্রমণ হয়েছে তার দীর্ঘমেয়াদী সমাধান করা অত্যন্ত জরুরি বলে মনে করে মাকাম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত নির্বাচনী ইশতেহারে হামলার শিকার মাজারগুলোর পুনঃসংস্কার ও ক্ষতিপূরণ বিষয়ে উল্লেখ করতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে ১২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠিয়েছে মাকাম। যে ১২টি রাজনৈতিক দলকে চিঠি পাঠানো হয়েছে: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নাগরিক ঐক্য, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, আমার বাংলাদেশ পার্টি- এবি পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ সুপ্রিম পার্টি।
বিএনএ/ ওজি
![]()

