বিএনএ, বিশ্বডেস্ক: আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল (মঙ্গলবার) রাতেই মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানান।
জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়েছেন মোদি। মোদি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু।’
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতল হওয়ার পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনে কথা হলো। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মোদিকে গত কয়েক সপ্তাহে অন্তত চারবার ফোন করেন ট্রাম্প। কিন্তু মোদি ফোন ধরেননি। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনার কারণে ক্ষুব্ধ হয়ে দেশটির ওপর শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেন ট্রাম্প। এ নিয়ে দুই দেশের সম্পর্কে বরফ জমে।
গত ১০ সেপ্টেম্বর দুই দেশের বাণিজ্য উত্তেজনা কমার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। এ আলোচনা ‘কোনো সমস্যা ছাড়াই’ সফল হবে বলে নিশ্চিত তিনি। জবাবে মোদি বলেন, দুই দেশই পরস্পরের ‘সহযোগী’ এবং আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে তারা একসঙ্গে কাজ করবে।
যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মধ্যে মোদির জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলে মনে করছেন অনেকে।
বিএনএ/শাম্মী
![]()

