33.9 C
আবহাওয়া
৪:৫৮ অপরাহ্ণ - আগস্ট ১০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত


বিএনএ, চট্টগ্রাম : বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা এবং পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জটিলতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে অবশিষ্ট পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে।
এর আগে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৮, ১১, ১৩, ১৫ ও ১৬ জুলাই তারিখের পরীক্ষাগুলোও স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি বিবেচনায় এবার অবশিষ্ট সব পরীক্ষাই অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিল বোর্ড।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি চললেও বন্যার কারণে চট্টগ্রাম অঞ্চলে বারবার পরীক্ষার সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।
শিক্ষা বোর্ড জানিয়েছে, পরিস্থিতি অনুকূলে এলে পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় দিয়ে সংশোধিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে।

Loading


শিরোনাম বিএনএ