বিএনএ, ঢাকা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এ তথ্য জানায়।
তিন সদস্য নিয়ে গঠিত এ কমিটিকে দুই সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রেস উইং আরও জানায়, তদন্ত কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার মন্ত্রণালয় থেকে আরও দুইজন অতিরিক্ত সচিব।
উল্লেখ্য, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশের আয়োজন করে এনসিপি। কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর আগেই গতকাল দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটে।
পরে এনসিপির নেতাকর্মীরা তাদের পাল্টা-ধাওয়া দিয়ে সভাস্থলের নিয়ন্ত্রণ নেন। কিন্তু সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে হামলার মুখে পড়ে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। সেসময় গাড়িবহরের ওপর ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ।
বিএনএ/ওজি/শাম্মী
![]()

