বিএনএ, রংপুর : রংপুরের পীরগাছায় পদ্মরাগ কমিউটার ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হয়।তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় সারাদেশের সঙ্গে রংপুর অঞ্চলের তিন জেলার আন্তঃনগর, লোকাল ও মেইল ট্রেন সম্পূর্ণ এবং চার জেলার আংশিক রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি ঢাকাগামী লালমনিরহাট এক্সপ্রেসের সঙ্গে ক্রসিংয়ের জন্য পীরগাছা রেলস্টেশনে ২নং লাইনে অবস্থান করে। ক্রসিং শেষে সেটি লালমনিরহাটের উদ্দেশ্যে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় একটি পয়েন্ট ভেঙে ট্রেনটির ছয়টি বগি লাইনচ্যুত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পীরগাছা স্টেশন থেকে লালমনিরহাটের উদ্দেশে গমনের জন্য লাইন পরিবর্তন করার সময় ট্রেনটি ছাড়ার ৩০০ গজ পর লাইনচ্যুত হয়। ঘটনার পর সেখানে উৎসুক জনতা ভিড় করছে। অনেক যাত্রী অভিযোগ করেছেন, তাদের মালামাল খোয়া গেছে। ট্রেনটিতে দুর্ঘটনার সময় দুই হাজার যাত্রী ছিলেন।
পীরগাছা রেলওয়ে স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
বিএনএ/ ওজি
![]()

