বিএনএ বিশ্বডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন , ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও হরমুজ প্রণালি সচল রাখতে মিত্ররা যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে ব্যর্থ হলে ন্যাটোর সামনে ‘খুবই খারাপ ভবিষ্যৎ’ অপেক্ষা করছে।
রোববার (১৫ মার্চ) প্রভাবশালী সাময়িকী দ্য ফিন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র যেভাবে ইউক্রেনকে সহায়তা করেছে, ঠিক একইভাবে ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করা। তিনি স্পষ্ট করে বলেন, যারা হরমুজ প্রণালি থেকে সুবিধা পায়, তাদেরই উচিত সেখানে কোনও অঘটন না ঘটার বিষয়টি নিশ্চিত করা।
ইরানের হস্তক্ষেপে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ (হরমুজ প্রণালি) কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জানান, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে তিনি ইতোমধ্যে সাতটি দেশের সঙ্গে আলোচনা করছেন। তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ থাকলেও ইরান এই মুহূর্তে সংকট সমাধানে কোনও আলোচনার জন্য প্রস্তুত নয় বলে মনে করেন তিনি।
গুরুত্বপূর্ণ জলপথটি উন্মুক্ত করতে চীন সরকারের ওপর চাপ দেওয়ার লক্ষ্যে এই মাসের শেষের দিকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে নির্ধারিত সম্মেলন পিছিয়ে দিতে পারেন বলেও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
বিএনএ/শাম্মী
![]()

