27.5 C
আবহাওয়া
১১:১২ অপরাহ্ণ - জুলাই ২৬, ২০২৬
Bnanews24.com
Home » হেফাজত আমিরের বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত

হেফাজত আমিরের বক্তব্যের প্রতিবাদ জানাল জামায়াত


বিএনএ ঢাকা:–জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে দলটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ বিষয়ে বলেন, দৈনিক ইনকিলাবের ১৫ সেপ্টেম্বর সংখ্যার প্রথম পাতায় ‘জামায়াত সরকারে আসতে পারলে কওমি, দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার অস্তিত্ব রাখবে না’ শিরোনামে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী যে বক্তব্য দিয়েছেন, তা অসত্য ও মনগড়া। তার এ বক্তব্যের মধ্যে সত্যের লেশমাত্রও নেই। তার এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন। তার মতো একজন বরেণ্য আলেমের মুখে এমন ভিত্তিহীন মন্তব্য শোভা পায় না। আমি তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও ইসলামী ধারার রাজনৈতিক দল। প্রতিষ্ঠার পর থেকে জামায়াতে ইসলামী দেশে অসংখ্য মসজিদ, মাদরাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করে ইসলামের খেদমত করে যাচ্ছে।  জামায়াতে ইসলামীর কোনো নেতা বা কর্মী কোনোদিন কওমি দেওবন্দী কিংবা সুন্নিয়াত মাদরাসার বিরোধিতা করেছেন- এমন প্রমাণ নেই।

তিনি বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর দুইজন মন্ত্রী ক্ষমতায় ছিলেন। তারা কওমি, দেওবন্দী ও সুন্নিয়াত মাদরাসার বিরোধিতা করেছেন, এমন প্রমাণ কেউ দিতে পারবেন না। বরং তারা ওই ধরনের মাদরাসাকে মুক্ত হস্তে সাহায্য-সহযোগিতা করেছেন। এ থেকেই প্রমাণিত হয়, মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর আশঙ্কা অসত্য ও অমূলক। অতএব, এ ধরনের প্রোপাগান্ডা চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।

তিনি বলেন, আমি সংশ্লিষ্ট সকলকে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অসত্য ও মনগড়া মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এবং আশা করছি- দৈনিক ইনকিলাব পত্রিকা কর্তৃপক্ষ অত্র প্রতিবাদটিও যথাযথভাবে প্রকাশ করে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করবেন।

বিএনএ/ওজি

 

 

Loading


শিরোনাম বিএনএ
জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি? সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫