বিএনএ ডেস্ক : নড়াইলে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১১টার দিকে ভাঙুড়া বাজার এলাকায় নড়াইল-যশোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন, যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আবু জাফর।
নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ ভেঙে যায় এবং বাঁশ ঢুকে পড়ে ভেতরে। ঘটনাস্থলেই মারা যান আক্তার হোসেন। গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য। তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবু জাফর মারা যান। পরে পুলিশ কর্মকর্তা নিক্কনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সময় অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনএ/ ওজি/শাম্মী
![]()

