বিএনএ, বিশ্বডেস্ক: ইরানের সঙ্গে চলমান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে মার্কিনিরা কী ভাবছেন তার একটি চিত্র উঠে এসেছে কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক জরিপে।।
গত সপ্তাহে প্রকাশিত কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ জরিপে দেখা গেছে, ৫৩ শতাংশ মার্কিনি এই হামলার বিরুদ্ধে। অপরদিকে ৪০ শতাংশ মার্কিনি এই যুদ্ধকে সমর্থন করেন।
তবে ইরানের মাটিতে মার্কিন স্থলসেনা বা গ্রাউন্ড ফোর্স পাঠানোর প্রশ্নে মার্কিনিদের অবস্থান অত্যন্ত কঠোর। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় তিন-চতুর্থাংশই ইরানে মার্কিন সৈন্য মোতায়েনের ঘোর বিরোধী। তারা মনে করেন, সরাসরি স্থলযুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের জন্য শুভ হবে না।
এই সম্ভাব্য সংঘাতের সুদূরপ্রসারী ফলাফল নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ কাজ করছে। জরিপে অংশ নেওয়া তিন-চতুর্থাংশের বেশি মানুষ আশঙ্কা প্রকাশ করেছেন যে ইরানের সাথে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই সন্ত্রাসী হামলার ঝুঁকি বহুগুণ বেড়ে যেতে পারে। অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এই ভীতি মার্কিন জনমতকে যুদ্ধের বিপক্ষে রাখতে বড় ভূমিকা পালন করছে।
জরিপে ইসরায়েল সম্পর্কে মিশ্র মতামত দেখা গেছে। প্রায় ৪৪ শতাংশ বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বেশি সমর্থন দিচ্ছে। অন্যদিকে একই সংখ্যক অংশগ্রহণকারী বলছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনের মাত্রা সঠিক এবং ভারসাম্যপূর্ণ। জনমতের এই ভারসাম্য ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েল ইস্যুতে মার্কিন সমাজ এখন সমান দুই ভাগে বিভক্ত।
বিএনএ/শাম্মী
![]()

