বিএনএ,ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে রাজধানীর মোহাম্মদপুর থেকে হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে র্যাব।
এর আগে ওসমান হাদিকে হত্যাচেষ্টার সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার আইটি প্রতিষ্ঠান ‘অ্যাপল সফট আইটি লিমিটেড’ এবং তার পরিবারের সব ব্যাংক হিসাব জব্দ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
এদিকে ওসমান হাদির শারীরিক অবস্থার কোনও দৃশ্যমান উন্নতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। চিকিৎসকদের মতে, তার মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন।
রোববার সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক এ তথ্য জানান। বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মেডিকেল বোর্ডের এই বৈঠক অনুষ্ঠিত হয়। তাকে বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে জুমার নামাজ শেষে রিকশায় করে ফিরছিলেন ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি। রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় পেছন থেকে আসা একটি মোটরসাইকেল থেকে খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুলি মাথার ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপর মোটরসাইকেলটি দ্রুত গতিতে পালিয়ে যায়।
বিএনএ/ ওজি
![]()

