বিএনএ, বিশ্বডেস্ক : গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (১৩ অক্টোবর) এই বড় পরিসরের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় কারাগার দপ্তর।
দু’টি পৃথক ব্যাচে মুক্তি পেয়েছেন এসব বন্দিরা। প্রথম ব্যাচে ছিলেন প্রায় ২ হাজার বন্দি, যাদের রাখা হয়েছিল পশ্চিম তীরের ‘ওফের’ কারাগারে। সোমবার দুপুরে তারা রামাল্লার পাশের বেইতুনিয়া শহরে এসে পৌঁছান।
একই সময়, গাজার খান ইউনিস শহরে পৌঁছায় দ্বিতীয় ব্যাচের ১ হাজার ৭১৮ জন মুক্তিপ্রাপ্ত বন্দি। তারা বন্দি ছিলেন ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নাগেভ কারাগারে। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিও ছিলেন।
গাজায় পৌঁছানোর পর বন্দিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় খান ইউনিসের নাসার মেডিকেল কমপ্লেক্সে। দীর্ঘদিন কারাবন্দি থাকা এসব ফিলিস্তিনিকে স্বাগত জানাতে জড়ো হয় শত শত মানুষ—বাড়ির সদস্য, প্রতিবেশী, বন্ধু এবং সহমর্মী নাগরিকেরা।
এদিকে, পশ্চিম তীরেও বেইতুনিয়া শহরের রাস্তায় দেখা যায় আবেগঘন দৃশ্য। বন্দিদের বরণ করে নিতে অপেক্ষা করছিলেন বহুদিন ধরে অপেক্ষমাণ স্বজনেরা। চোখে জল, হাতে ব্যানার, আর প্রতীক্ষার ক্লান্তি নিয়ে তারা আলিঙ্গন করেন প্রিয়জনদের।
বিএনএ/ ওজি
![]()

