বিএনএ, ছাগলনাইয়া : ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়ায় গ্রামে রাস্তা সংস্কারের ছয় মাসের মধ্যে খালে ধসে পড়ল বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়কের গার্ডওয়াল। পৌরসভার উন্নয়ন প্রকল্পে ৮০ লাখ টাকা বরাদ্দে সোয়া কিলোমিটারের রাস্তা ও গার্ডওয়ালের কাজ শেষ হওয়ার ছয় মাসের মধ্যে রাস্তাসহ গার্ডওয়াল ধসে পড়ায় এলাকায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার দু’পাশে শত শত একর ধানের জমির মাঝ দিয়ে বয়ে যাওয়া সোয়া কিলোমিটারের বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়কটির সংস্কার কাজ শেষ হয় ছয় মাস আগে। ঠিকাদার এবং পৌরসভার ইঞ্জিনিয়ারের যোগসাজশে নিন্মমানের কাজ করে। ফলে পুরো গার্ডওয়ালের বিভিন্ন স্থানেও ফাটল দেখা যায়।রাস্তাও ধসে মারাত্মক দূর্ঘটনার আশংকা করছেন পুনরায় টেকসই নির্মাণে দাবি জানান তারা।
কৃষক মাহবুব হোসেন বলেন, রাস্তাটি ৯ ফুট থাকলেও সংস্কার কাজ করে সাত ফুট। রাস্তার পশ্চিম পাশে আরো ৫’শ ফুট কাঁচা রাস্তা রয়েছে। নারী পুরুষের চলাচলে ব্যহত হচ্ছে জীবনযাত্রার মান। সঠিক তদারকির অভাবে এবং নিন্মমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় ছয় মাসের মধ্যেই গার্ডওয়াল দূর্বল হয়ে রাস্তাসহ পড়ে গেছে। এই রাস্তার দু’পাশে পাঁচ শতাধিক একর ধানের জমি আছে। রাস্তায় একটি গাড়ি চললে মানুষ চলাচলের জায়গা নেই। আগামী মৌসুমে ধান উঠানোর আগেই টেকসই রাস্তা ও গার্ডওয়াল নির্মানের জন্য স্থানীয় সাংসদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
ঠিকাদার মোঃ মোস্তফা জানান, পৌরসভার ইঞ্জিনিয়ারের পরামর্শে রাস্তা এবং গার্ডওয়ালের কাজ করা হয়েছে। ধসে পড়া গার্ডওয়ালটি পূনরায় নির্মাণ করা হবে।
ছাগলনাইয়া পৌরসভার সহকারী ইঞ্জিনিয়ার মো. মাসুদ আলম জানান, পশ্চিম ছাগলনাইয়া এলাকায় গার্ডওয়াল ধসে পড়ার বিষয়টি অবগত হয়েছি। রাস্তার পাশে খালের গভীরতা বেশি হওয়ার কারণে ও মাটির সাপোর্ট না থাকায় গার্ডওয়ালটি হেলে পড়ে যায়। পুনরায় টেকসই নির্মাণে সংশ্লিষ্ট কাজের ঠিকাদারকে অবহিত করা হয়েছে। আশাকরি কয়েকদিনের মধ্যে টেকসই নির্মাণ কাজ শুরু করা হবে।
বিএনএ/আরিফ মোঃ মোদাচ্ছের হোসেন/এইচ.এম।
![]()

