29 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - মে ১৪, ২০২৬
Bnanews24.com
Home » আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা

আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নাহিদ রানা


বিএনএ, স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তাকে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে।

গত মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। সিরিজজুড়ে দারুণ বোলিং করে সিরিজসেরা হন নাহিদ রানা। পুরো সিরিজে তিনি শিকার করেন ৮ উইকেট। তার ইকোনমি ছিল ৪.৪৬।

বিশেষ করে মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন এই তরুণ পেসার। এরপর চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচেও আরও দুই উইকেট যোগ করেন তিনি।

আইসিসির মাস সেরা ক্রিকেটারের দৌড়ে নাহিদ পেছনে ফেলেছেন ওমানের জাতিন্দর সিং ও সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে।

পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়ায় নাহিদ রানা বলেন, নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো পারফর্ম করে আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়া তার জন্য দারুণ অনুভূতির। দেশের মাটিতে এমন সাফল্য সিরিজটিকে আরও বিশেষ করে তুলেছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সতীর্থদের সমর্থন ও বিশ্বাস তাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। ভবিষ্যতেও দলের হয়ে আরও জয় ও স্মরণীয় মুহূর্ত এনে দিতে অবদান রাখতে চান তিনি।

এদিকে নারী বিভাগে এপ্রিল মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার লরা উলভার্ট। এই বিভাগে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমেশা দুলানি ও লরা কার্ডোসো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ