বিএনএ, চট্টগ্রাম: ভারী বর্ষণ ও বন্যার কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের পর রোববার (১২ জুলাই) দুপুর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ।
তিনি বলেন, চট্টগ্রাম রেলস্টেশন থেকে আজ বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকা থেকে আসা পর্যটক এক্সপ্রেস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে গেছে। এর আগে জানালিহাট রেলস্টেশনে আটকে থাকা চট্টগ্রাম-কক্সবাজার রুটের প্রবাল এক্সপ্রেস চট্টগ্রাম রেলস্টেশনে আনা হয়। রেললাইন এখন চলাচলের জন্য নিরাপদ।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশের রেললাইন প্লাবিত হয়। এতে ট্রেন চলাচল অনুপযোগী হয়ে পড়ায় গত ৭ জুলাই থেকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছিলেন যাত্রীরা।
পরবর্তীসময়ে বন্যা পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশ রেলওয়ে ক্ষতিগ্রস্ত রেললাইন দ্রুত মেরামতের উদ্যোগ নেয়। অল্প সময়ের মধ্যেই ষোলশহর-জানআলীহাট সেকশনের রেললাইন ট্রেন চলাচলের উপযোগী করে তোলা হয়।
বিএনএ/শাম্মী
![]()

