32.9 C
আবহাওয়া
৭:০৪ অপরাহ্ণ - জুন ৯, ২০২৬
Bnanews24.com
Home » দুর্নীতি দমন কমিশনের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর

দুর্নীতি দমন কমিশনের মামলায় আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর


বিএনএ, ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূরের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১২ অক্টোবর) উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার।

তিনি বলেন, ‘দুদকের মামলায় জামিন শুনানির জন্য আজ আসাদুজ্জামান নূরকে আদালতে হাজির করা হয়। নূরের আইনজীবী জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে আমরা জামিনের বিরোধিতা করি। পরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।’

গত ৩০ জুলাই ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থার উপ-পরিচালক মো. আজিজুল হক বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসাদুজ্জামান নূর ক্ষমতার অপব্যবহার করে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তা নিজের দখলে রেখেছেন। এছাড়া আসাদুজ্জামান নূরের নামে থাকা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১৯টি হিসাবে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।

এই লেনদেনের মাধ্যমে অর্থ স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তরের অভিযোগ আনা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে একে একে মামলা ও গ্রেপ্তার শুরু করে দুদক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো। তারই ধারাবাহিকতায় গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোডে নিজ বাসা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়।

 

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ