26 C
আবহাওয়া
৪:১৬ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » শেখ হাসিনার বার্তা দেওয়ার খবরটি সঠিক নয়, জানালেন জয়

শেখ হাসিনার বার্তা দেওয়ার খবরটি সঠিক নয়, জানালেন জয়

pm

বিএনএ ডেস্ক: ক্ষমতাচ্যুতির পেছনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করে বক্তব্য দিয়েছেন বলে যে সংবাদ প্রকাশ হয়েছে, তা ঠিক নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টসহ কয়েকটি গণমাধ্যমে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই প্রতিবেদন প্রকাশ হয় রোববার। এর বরাতে বাংলাদেশি গণমাধ্যমগুলোও প্রতিবেদন প্রকাশ করে। পরে টুইটারে পোস্ট দিয়ে তা নিয়ে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়।

জয় লিখেছেন, ‘সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত আমার মায়ের পদত্যাগের বিবৃতিটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি তার কাছে নিশ্চিত হয়েছি, তিনি ঢাকা ছাড়ার আগে বা পরে কোনো বক্তব্য দেননি।’

রোববার দ্য প্রিন্ট গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে লেখে, নীরবতা ভাঙলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনা জানিয়েছেন, তাঁকে ক্ষমতাচ্যুত করার জন্য দায়ী যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তি।

প্রতিবেদনে বলা হয়, গত শনিবার আওয়ামী লীগের উদ্দেশে এক বার্তা দেন শেখ হাসিনা। সেখানে তিনি বলেন, ‘আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যুক্তরাষ্ট্রকে দিয়ে দিতাম।’

এতে বলা হয়, হাসিনা সরকার বহু বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন সম্পর্ক দেখেছে। এই বছরের জানুয়ারির নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে, বিমান ঘাঁটির বদলে ক্ষমতায় ফেরার প্রস্তাব দিয়েছিলেন এক শ্বেতাঙ্গ ব্যক্তি। তাঁর সর্বশেষ বার্তায় , বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন অন্তর্বর্তী সরকারকে এই ধরনের বিদেশী শক্তি দ্বারা ব্যবহৃত না হওয়ার জন্য সতর্ক করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ওই বার্তায় শেখ হাসিনা বলেন, ‘লাশের মিছিল যাতে দেখতে না হয় সেজন্য পদত্যাগ করেছি। তারা আপনার (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দিইনি।’

এতে বলা হয়, ওই বার্তায় আওয়ামী লীগ নেতা–কর্মীদের শেখ হাসিনা জানান, তিনি শিগগিরিই দেশে ফিরবেন। শেখ হাসিনা বলেন, ‘আমি নিজেকে সরিয়ে দিয়েছিলাম, আমি তোমাদের জয় দিয়ে এসেছি। তোমরা আমার শক্তি, তোমরা আমাকে চাওনি, আমি নিজেই তখন চলে গেলাম, পদত্যাগ করলাম। আমার কর্মী যারা আছেন, কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে।’
শিক্ষার্থীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি তরুণ ছাত্রদের প্রতি আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি। আমার বক্তব্য বিকৃত করা হয়েছে। একটা পক্ষ সুবিধা নিয়েছে।’

গত ৫ আগস্ট গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। শেখ হাসিনার সরকারের পতনের টানা তিন দিন দেশে কার্যত কোনো সরকার ছিল না। পরে ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!