বিএনএ, মুন্সিগঞ্জ: সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল। রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মুন্সিগঞ্জের সাংবাদিক অঙ্গনে। দীর্ঘদিনের সতীর্থকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সহকর্মী ও স্বজনরা। মীর বাছির উদ্দিন বেসরকারি মাছরাঙ্গা টিভি ও দৈনিক ইত্তেফাকের মুন্সিগঞ্জ প্রতিনিধি হিসেবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন।
মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ শহর জামে মসজিদে। এতে স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে সহকর্মীরা তাকে নিয়ে যান মুন্সিগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে। সেখানে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মীর বাছির উদ্দিনের গ্রামের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলার বাহের পাড়া এলাকায়। সেখানে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বিএনএ/শাম্মী
![]()

